বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সমাবেশের দুঘণ্টা আগে অনুমতি দিতে সরকার পুলিশকে বাধ্য করেছে। যাতে তারা (সরকার) জনগণকে বলতে পারে- আমরা তো অনুমতি দিয়েছিলাম। কিন্তু বিএনপি সমাবেশ করেনি। একথা বলে সরকার জনগণকে বোকা বানাতে চাচ্ছে।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য এ কথা বলেন।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ শীর্ষক এ সভায় তিনি অভিযোগ করেন বিএনপি যাতে ৭ নভেম্বর উপলক্ষে সমাবেশ পালন করতে না পারে সেই কারণেই দুঘণ্টা আগে অনুমতি দেয়া হয়েছে। কারণ আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, সমাবেশ করা বিএনপির সাংবিধানিক অধিকার। কিন্তু সরকার সমাবেশের অনুমতি নিয়ে ষড়যন্ত্র করে সংবিধান লঙ্ঘণ করেছে।
আয়োজক সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে এতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট পি কস্টা প্রমুখ বক্তব্যে রাখেন।
ইত্তেফাক/ইউবি