দুদকের মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ

অগ্রাধিকার ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত দুর্নীতির মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ওই নির্দেশে জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজকে এসব মামলাসমূহ দ্রুততর সময়ের মধ্যে বিচার ও নিষ্পত্তির জন্য বিভাগীয় বিশেষ জজ ও বিশেষ জজ আদালতে প্রেরণ করতে বলা হয়েছে। 
 
একইসঙ্গে সংশ্লিষ্ট বিচারকদেরকে এসব মামলা অগ্রাধিকার ও আইনে নির্ধারিত সময়ের অর্থাৎ ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়। গতকাল বুধবার প্রধান বিচারপতির এ নির্দেশনা সংক্রান্ত প্রশাসনিক আদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। ওই আদেশে বলা হয়েছে, দুদক আইনের অধীনে দায়ের করা দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিভাগীয় বিশেষ জজ/বিশেষ জজ আদালতসমূহ গঠন করা হয়েছে। এসব আদালত কর্তৃক দুর্নীতি সংক্রান্ত মামলা আমলের গ্রহণের তারিখ হতে ৬০ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য দ্যা ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ১৯৫৮ তে সুনির্দিষ্ট বিধান রয়েছে।
 
কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, অধিকাংশ জেলার দায়রা/মহানগর দায়রা জজগণ দুর্নীতির মামলা বিচারের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় বিশেষ জজ/বিশেষ জজ আদালতে প্রেরণ না করে নিজ আদালতে রাখেন বা তার অধীনস্থ অতিরিক্ত দায়রা জজ/যুগ্ম দায়রা জজ আদালতে প্রেরণ করেন। ফলে বিভাগীয় বিশেষ জজ/বিশেষ জজ আদালতসমূহে দুর্নীতির মামলার স্বল্পতা ঘটে।
 
এছাড়া বিভাগীয় বিশেষ জজ/বিশেষ জজ আদালতসমূহে দুর্নীতির মামলা আইনে নির্ধারিত সময়ের মধ্যে এবং কাঙ্ক্ষিত হারে নিষ্পত্তি হচ্ছে না। এসব বিচারকদের মামলা নিষ্পত্তির পর্যাপ্ততা নির্ধারণের ক্ষেত্রে দুর্নীতির মামলা নিষ্পত্তির সংখ্যা বিশেষভাবে বিবেচনা করা হবে।
 
ইত্তেফাক/এসএসএ