কচুয়ায় একটি ব্রিজের অভাবে পাঁচ গ্রামবাসীর দুর্ভোগ

কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের খলাগাঁও-বিতারা খালের উপর একটি ব্রিজ না থাকায় পাঁচ গ্রামের হাজারো মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে শত শত মানুষ যাতায়াত করছে। একটি ব্রিজ নির্মাণ হলেই এ এলাকার মানুষের যাতায়াত সমস্যা দূর হওয়াসহ জীবনযাত্রার চিত্র পাল্টে দিতে পারে।
 
এলাকাবাসী জানায়, খলাগাঁও সরকারবাড়ির পূর্ব পাশে কচুয়া-সাচার খালের উপর ঝুঁকিপূর্ণ প্রায় ৩’শ মিটার লম্বা বাঁশের সাঁকো। এই সাঁকো দিয়ে প্রতিনিয়ত অবহেলিত এ অঞ্চলের খলাগাঁও, বিতারা, শংকরপুর, অভয়পাড়া ও সফিবাদ গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে। প্রায়ই ওই সাঁকো থেকে পড়ে শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। তাছাড়া, খলাগাঁও-বিতারা গ্রামের লোকজন ব্রিজ না থাকায় উত্পাদিত ফসল ও অন্যান্য মালামাল যেমনিভাবে সহজে ঘরে তুলতে পারছে না, তেমনি সহজে বাজার নিয়ে বিক্রি করে উপযুক্ত অর্থও পাচ্ছে না।
 
খলাগাঁও গ্রামের অধিবাসী ও বিতারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. মনির হোসেন জানান, সাঁকোটি এলাকাবাসীর জন্য একটি অভিশাপ। গত কয়েক বছরে ঝুঁকিপূর্ণ এ সাঁকো দিয়ে পারাপারের সময় স্কুল, কলেজ, মাদ্রাসার অন্তত ২৫/৩০ জন শিক্ষার্থী পড়ে আহত হয়েছে।
 
স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুছ মিয়া মুন্সি জানান, সাঁকোটির পরিবর্তে ব্রিজ নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। এ দাবি কবে পূরণ হবে- এ জিজ্ঞাসা এখন পাঁচটি গ্রামের প্রতিটি অধিবাসীর।
 

ইত্তেফাক/এএন