ট্রাম্পকে কেটির অভিনন্দন
কিছুদিন আগেই খবর প্রকাশ পায় হিলারি ক্লিনটনকে সমর্থন করছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। একসাথে মঞ্চেও ওঠেন তারা এবং জনগণের কাছে হিলারির জন্য শুভকামনা চান।
তবে মার্কিন নির্বাচনের ফলাফলের পর ডোনাল্ড ট্রাম্পকেও স্বাগতম জানাতে ভোলেননি এই তারকা। নির্বাচনের ফলাফলের পর অন্যদের মতো তিনিও ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে টুইট করেন। জানান, সুন্দর একটি ভবিষ্যতের প্রত্যাশী তিনি। তিনি এ-ও জানান, তার পরিবার ট্রাম্পকেই ভোট দিয়েছে।
দেশ ছাড়ার ঘোষণা!
প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে অনেক মার্কিন তারকা দেশ ছাড়ার ঘোষণা দেন। নির্বাচনের ট্রাম্পকার্ডে বিজয়ী হলেন ট্রাম্প, তাহলে ঘোষণা দেওয়া তারকারা এখন কী করবেন! এরমধ্যে অনেকে আবার দেশ উল্লেখ করে বলেছেন, তারা কানাডায় চলে যাবেন। সব মিলিয়ে প্রায় ১৮ জনের বেশি সেলিব্রেটি মার্কিনমুল্লুক ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নির্বাচনের শেষ পর্বের আগেই। এই সেলিব্রেটিরা কারা! টেলিগ্রাফ থেকে শুরু করে সিএনএন, বিজনেস ইনসাইডারসহ মাঝসারির অনেক আন্তর্জাতিক মিডিয়া তা প্রকাশ করে। মূলত এসব তারকারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, সাক্ষাত্কার কিংবা অনুষ্ঠানে এমন কথা বলেছিলেন। দেশ ছাড়ার ঘোষণা দেওয়া এসব শিল্পীদের মধ্যে ৯ জন রয়েছেন, যারা কানাডায় চলে যাওয়ার কথা বলেছিলেন। এসব তারকারা হলেন অভিনেতা ব্রায়ান ক্রান্সটন, সেলসিয়া হ্যান্ডলার, স্টিফেন কিং, কিগান মাইকেল কি, লিনা ডুনহাম, নিভ চ্যাম্পবেল, বারবারা স্ট্রিসল্যান্ড, নি-ইয়ো ও ছুলি সেভিগনি। খবরটি প্রকাশ করে বিজনেস ইনসাইডার।
সিএনএন তাদের প্রতিবেদনে আমেরিকা ছাড়ার ঘোষণা দেওয়া তারকাদের নাম প্রকাশ করে। এই তালিকায় তারকা মাইলি সাইরাস, সার, অ্যামি স্কুমারসহ বিজনেস ইনসাইডারে প্রকাশিত তারকাদের নাম উল্লেখ করে।
অন্যদিকে, আমেরিকা ত্যাগের প্রতিজ্ঞা ছাড়াও নিজেদের আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন অনেক মার্কিন তারকা। টেলিগ্রাফের প্রকাশিত খবরে আতঙ্কিত এসব তারকারা হলেন পপস্টার লেডি গাগা, আরিয়ান গ্রান্ডি, ক্রিস ইভানস, ব্রিটনি স্নো, রাশিদা জোনস, জেমস কর্ডেন, কুনাল নায়ারসহ জেকে রাউলিংয়ের মতো জনপ্রিয় ব্যক্তিত্বরা।
বলিউড তারকাদের বয়ানে
ট্রাম্পের জয় ঘোষণার সাথে সাথে বলিউড তারকারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। দেখা যাক, কে কী মনে করছেন। টুইঙ্কেল খান্না টুইটে লিখেছেন, ‘ডোনাল্ড ডাক হেলে দুলে হোয়াইট হাউসে রওনা দিয়েছেন। এটা পরাবাস্তব দুঃস্বপ্ন না। নারী বিদ্বেষই ট্রাম্পের ট্রাম্পকার্ড এবং তিনি জয়লাভ করলেন।’ টুইঙ্কেল তার আরেকটি টুইটে ট্রাম্পকে অজ্ঞ, সেক্সিয়েস্ট ও বর্ণবাদী বলে মন্তব্য করেছেন। অদিতি রাও লিখেছেন, ‘একজন নারী বিদ্বেষী, বর্ণবাদী ট্রাম্প। সবকিছু ভুল হয়ে গেল বিশ্বের ট্রাম্পে।’ হুমা কোরেশি বলছেন, ‘প্রিয় আমেরিকা, ট্রাম্পের সাথে তাই হলো যা টেলিভিশনে রিয়েলিটিতে দেখা যায়।’ কুনাল কাপুর টুইট বার্তায় লিখেছেন, ‘কালো আয়নার পরের পর্ব শুরু হলো বলে মনে হচ্ছে।’ হানসাল মেহতা ‘দ্য ইন্ড’ বলে উল্লেখ করেছেন।
সাবেক পর্ণস্টার বলিউড অভিনেত্রী সানি লিওন লিখেছেন, ‘পবিত্র মলি, পেনিসিলভেনিয়া শেষ! খামখেয়ালি উম্মাদ ছাড়া কিছু না।’
বিশাল দাদলানী বলেন, ‘নিউটইয়র্ক ছেড়ে যাচ্ছি। বিমানে চড়বো, ঘুম ভাঙবে লন্ডনে। আশা করছি ট্রাম্প নামের ভয়ঙ্কর যে দুঃস্বপ্ন ছিল তা কেটে যাবে।’
নির্মাতা করণ জোহরের এক লাইনে বক্তব্য ছিল ‘ট্রাম্প টাওয়ার্স’।
অভিনেত্রী সোহা আলী খান একটু পজেটিভলি লিখেছেন, ‘মুক্ত বিশ্বের নতুন নেতা হিসেবে ট্রাম্পকে দেখতে চাই। কালো টাকার বিরুদ্ধে ঐতিহাসিক ভূমিকা রাখবেন।’
নির্মাতা রামপার ভার্মা বেশ উচ্ছ্বাসের সাথে জানিয়েছেন, ‘আমি নিজেই নিজেকে শুভকামনা জানাচ্ছি, ট্রাম্পের জয় নিয়ে চার মাস আগে থেকেই অপেক্ষায় ছিলাম। আজ রাতে ট্রাম্পিং পার্টি হবে।’
ফানি অভিনেতা হিসেবে পরিচিত মুখ রিতেশ দেশমুখ সাধারণ কথায় অভিবাদন জানিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্টকে।
তবে আগে থেকে ঘোষণা দেওয়া হিলারি সমর্থকদের কাছ থেকে খুব বেশি ইতিবাচক মন্তব্য এখনো আসেনি। হয়তো ট্রাম্পের জয়কে খুব বেশি মেনে নিতে পারছেন না!
বাংলাদেশি তারকাদের তাত্ক্ষণিক মন্তব্য
এদিকে, বাংলাদেশের সুপারমডেল অভিনেত্রী জান্নাতুল পিয়া তার ফেসবুকে লিখেছেন, ‘আমেরিকা, তুমি ও তোমরা যে কতটা বর্ণবাদী সেটিই প্রমাণ করলে।’
শাকিব খান প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি বিজয়ীর পক্ষেই। কারণ আমেরিকার রাজনীতি নিয়ে আমার ভেবে কি লাভ! তাই অভিনন্দন ট্রাম্প।’
ইত্তেফাক/এএন