সাবেক সেনা কর্মকর্তা হত্যায় গৃহকর্মী গ্রেফতার

 
রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকায় বিগ্রেডিয়ার জেনারেল (অব) ওয়াজি আহমেদ চৌধুরী হত্যার ঘটনায় আহাদ আলী (৩৫) নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আহাদ ওয়াজি আহমেদের বাসার গৃহকর্মী ছিলেন।
 
র‌্যাব-৪ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি লুত্ফুল কবির জানান, গত ৫ অক্টোবর ডিওএইচএসের ৪ নম্বর রোডের ১৪৮ নম্বর বাসার দোতলায় ওয়াজি আহমেদ চৌধুরীকে খুন করা হয়। ঐ ঘটনায় নিহতের ভাতিজা রেশাদ আহমেদ চৌধুরী বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেন। মামলায় গৃহকর্মী আহাদসহ অজ্ঞাত কয়েক ব্যক্তিকে আসামি করা হয়। গতকাল রাতে পল্লবীর একটি বাসা থেকে আহাদকে গ্রেফতার করা হয়।
 
তিনি আরো জানান, আহাদ চুরি ও ডাকাতির জন্য পরিকল্পিতভাবে ওয়াজি আহমেদকে খুন করেছেন।
 
ইত্তেফাক/এএসএস