জোট বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০

মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সিরিয়ার রাকা নগরীর কাছে ২০ বেসামরিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে এই হামলায় ১৬ জন নিহতের তথ্য জানা গিয়েছিল।
 
মার্কিন নেতৃত্বাধীন এই জোটের বিমান হামলার সহায়তায় ইরাকী বাহিনী আইএস দখলকৃত মসুলে ঢুকে পড়েছে এবং কুর্দি-আরব মিলিশিয়া জোট সিরিয়ায় জিহাদিদের প্রধান ঘাঁটি রাকার দিকে অগ্রসর হচ্ছে।
 
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বুধবার জানিয়েছে, গতরাতে জোট বাহিনী রাকা থেকে ৪০ কিলোমিটার দূরের গ্রাম আল-হিশায় বিমান হামলা চালিয়েছে।
 
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আব্দুল রহমান বলেন, এই হামলায় ২০ বেসামরিক লোক নিহত ও অপর ৩২ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৯ নারী ও ২ শিশু রয়েছে।
 
সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (সিডিএফ) এই হামলায় বেসামরিক লোকের নিহত হওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে। মিলিশিয়াদের এই জোটের প্রতি ওয়াশিংটনের সমর্থন রয়েছে। এসডিএফ এর নারী মুখপাত্র জিহান শেখ আহমেদ বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এ ধরনের কোন ঘটনা ঘটেনি।’
 
অবজারভেটরি জানিয়েছে, সর্বশেষ এই হামলায় ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া মার্কিন নেতৃত্বাধীন এই বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৬৯ জন শিশু।
 
 
 
ইত্তেফাক/এমআই