বগুড়ার ধুনট উপজেলায় বাড়ি থেকে জেএসসি পরীক্ষার্থী কেন্দ্রে আসার পথে অটোভ্যান থেকে পড়ে তিন পরীক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ধুনট-জোড়শিমুল সড়কের আনাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো, উপজেলার সোনারগাঁ গ্রামের আবু তালেবের মেয়ে সপাপ্তি খাতুন (১৪), আশরাফ আলীর মেয়ে আফিয়া খাতুন (১৮) ও নজরুল ইসলামের মেয়ে তামান্না খাতুন (১৩)। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করলেও আফিয়া পরীক্ষায় অংশ নিতে পারেনি। আহত তিন ছাত্রী সোনারগাঁ উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সামিউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালের দিকে তিন পরীক্ষার্থী ব্যাটারি চালিত অটোভ্যানে চড়ে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে আসছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে তিন পরীক্ষার্থী আহত হয়।
এর মধ্যে আফিয়া খাতুন নামে এক পরীক্ষার্থীকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইত্তেফাক/কেকে