সাইমন সাদিক এবং বিপাশা কবির জুটি ‘খাস জমিন’ শিরোনামের নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। ছবিটির নির্মাতা সরোয়ার হোসেন। পহেলা নভেম্বর থেকে নতুন এ সিনেমার শ্যুট শুরু হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা সাইমন।
গাজীপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং চলছে। শুটিং চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। পরে অবশ্য কিছু দৃশ্যের শুটিং কাজ কাপ্তাইয়ে হবে বলে জানা গেছে।
সাইমন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুটি ছবি শেয়ার দিয়ে পোস্টে লিখেন, ‘ শুরু হচ্ছে খাস জমিন, সবাই দোয়া করবেন’।
IMG0
আরেকটি ছবিতে অভিনেতা আমজাদ হোসেনকে সাথে নিয়ে তিনি লিখেন, ‘জীবন্ত কিংবদন্তী আমজাদ হোসেন স্যার আর আমি’। উল্লেখ্য, ভূমি দস্যুদের আধিপত্য ও ভূমিহীন মানুষদের বিদ্রোহের গল্প নিয়েই খাস জমিনের কাহিনী। ভূমি দস্যুদের দমন করতে সাইমন এখানে অবতার হয়ে আসবেন। ঘটনাক্রমে বিপাশার সাথে তার দেখা হবে। এভাবেই গল্পকে এগিয়ে নিয়ে গেছেন নির্মাতা।
IMG1
অন্যদিকে বিপাশা কবির জানান, ‘এখন শ্যুটিং টাইম’। খোঁজ নিয়ে জানা গেছে ছবিটির জন্য টানা শুটিং চলছে। একবারেই ছবির নির্মাণ কাজ শেষ করতে চান নির্মাতা সারোয়ার হোসেন।
খাস জমিন সিনেমায় সাইমন, বিপাশা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন আমজাদ হোসেন, রেকেবা, কাজী হায়াৎসহ অনেকে। শেখ ডেভিডের চিত্রনাট্যে প্রযোজনায় রয়েছে ইয়নলিয়ন ইন্টারন্যাশনাল মুভিজ। চলচ্চিত্রটি আগামী বছর মুক্তি পাবে।
ইত্তেফাক/এমএআর