বগুড়ার ধুনট উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্টো-ন-১৭-১০০২) ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র জব্দ করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
আটকৃতরা হলেন- গাজীপুরের জয়দেবপুর উপজেলার ডেসেরচালা গ্রামের আলমগীর হোসেনের ছেলে ট্রাক চালক রাবিক (২৪), গাইবান্দার সুন্দরগঞ্জ উপজেলার পাড়াসাদুয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ফজলুল হক (২৫) ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বালিয়াদি গ্রামের বাকু মণ্ডলের ছেলে মিনহাজ উদ্দিন মিন্টু (২৫)।
ধুনট থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আন্তজেলা ডাকাত দলের ১০/১২ জন সদস্য মঙ্গলবার রাতে উপজেলার খাটিয়ামারি এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করেন। এসময় খবর পেয়ে মথুরাপুর-খাটিয়ামারি রাস্তার কাশিয়াহাটা ব্রিজ এলাকা থেকে রাকিব, ফজলু ও মিন্টুকে আটক করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা কৌশলে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান, একটি রামদা, তালা কাটার সরঞ্জামাদি ও লোহার তিনটি অংশ জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে আটক তিন ডাকাত সদস্য।
এ ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো আটজনের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
ইত্তেফাক/কেকে