কেন্দ্রীয় গণগ্রন্থাগারসহ দেশের ৩০টি গ্রন্থাগার আধুনিকায়নের (ডিজিটাল ও ই-গ্রন্থাগারে রূপান্তর) লক্ষ্যে গণগ্রন্থাগার অধিদফতর ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে স্বাক্ষরিত ‘সমঝোতা স্মারক’ অনুযায়ী কাজ শুরু করার উদ্দেশ্যে স্থাপিত অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বৃহস্পতিবার।
এদিন সকালে সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ এ অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম, গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আশীষ কুমার সরকার, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহ্যাম ও প্রকল্প পরিচালক দিদারুল চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
IMG0
১৬ আগস্ট ২০১৬ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় গণগ্রন্থাগারসহ দেশের ৩০(ত্রিশ)টি গ্রন্থাগার আধুনিকায়নের (ডিজিটাল ও ই-গ্রন্থাগারে রূপান্তর) লক্ষ্যে গণগ্রন্থাগার অধিদফতর ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে ‘সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়। Bill & Melinda Gates Foundation (BMGF) এর অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িতব্য এ প্রকল্পের নাম 'লাইব্রেরি আনলিমিটেড' (Libraries Unlimited )।
সমঝোতা স্মারক অনুযায়ী কাজ শুরু করার উদ্দেশ্যে এ প্রকল্পের জন্য শাহবাগস্থ গণগ্রন্থাগার অধিদফতরের নিচতলায় একটি সুসজ্জিত ও আধুনিক অফিস স্থাপন করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় ১৮ মাসব্যাপী একটি 'পাইলট ফেজ'-এর জন্য ১.৮ মিলিয়ন মার্কিন ডলার (১৪ কোটি ৪০ লক্ষ টাকা প্রায়) অর্থায়নে কেন্দ্রীয় গণগ্রন্থাগারসহ দেশের ৩০(ত্রিশ)টি গ্রন্থাগারকে আধুনিকায়ন তথা ডিজিটাল ও ই-গ্রন্থাগারে রূপান্তর করা হবে। এর মধ্যে গণগ্রন্থাগার অধিদফতরাধীন ২৫(পঁচিশ)টি এবং অপরাপর (যেমন- শিশু একাডেমি গ্রন্থাগার, ইউনিয়ন ডিজিটাল সেন্টার,ও এনজিও সংশ্লিষ্ট) গ্রন্থাগারের সংখ্যা ৫ (পাঁচ)টি।
পাইলট ফেজ এর ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী ফেজ এর উন্নয়ন কার্যক্রম নির্ধারিত হবে। সেক্ষেত্রে বিএমজিএফ হতে ৩.০-৩.৫ মিলিয়ন মার্কিন ডলার (২৪ কোটি - ২৮ কোটি টাকা প্রায়) ব্যয়ের সম্ভাবনা রয়েছে।
এ প্রকল্পের পাইলট ফেজ এ যেসব কার্যক্রম বাস্তবায়িত হবে তাহলো- প্রচার, সংশ্লিষ্ট বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গণগ্রন্থাগার অধিদফতরের কর্মকর্তাদের বিদেশে শিক্ষা সফর বা প্রশিক্ষণ, প্রত্যাশিত লাইব্রেরির ডিজাইন করা এবং আধুনিক প্রযুক্তিগত সরঞ্জামের সমন্বয়ে তা বাস্তবায়ন, গণগ্রন্থাগার অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত জ্ঞান বৃদ্ধি করা এবং প্রকল্প মনিটরিং ও মূল্যায়ন করা ইত্যাদি।
উল্লেখ্য, ১৬ আগস্ট ২০১৬ গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আশীষ কুমার সরকার ও ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহ্যাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সে সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজসহ মন্ত্রণালয় ও দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সমঝোতা সাক্ষর ৫ বছরের জন্য নির্ধারিত হয় এবং স্বাক্ষরের দিন অর্থাৎ ১৬ আগস্ট ২০১৬ থেকে তা কার্যকর হয়।
ইত্তেফাক/আরএ