মেঘনায় ট্রলারডুবি: শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩০

 
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নে মেঘনা নদীতে শতাধিক যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এ পর্যন্ত দুই শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৩০ যাত্রী।
 
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ উড়ির চরের চর বালুয়াতে আসার পথে মেঘনা নদীতে প্রবল জোয়ারে মুখে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা যাত্রীরা ভাসতে থাকে। কিছু সংখ্যক যাত্রী সাতার দিয়ে নদীর পাড়ে উঠে আসতে সক্ষম হন। মাছ ধরায় নিয়োজিত জেলেরাও অনেক যাত্রীকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসেন। এতে দুইজন শিশু চর করিম উল্যার আশিক (১২), সুবর্ণচরের হূদয় (৫) ও অজ্ঞাত (১৫) লাশ মেঘনা নদী থেকে স্থানীয় জেলেরা উদ্ধার করে। এতে আহত হয়েছেন আরো ৩০ জন।
 
আহতদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুল মজিদ এ প্রতিবেদককে জানান, দুই শিশু ও এক অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পুরো ঘটনা জানা যাবে। ফায়ার সার্ভিস উদ্ধারের কাজ চালাচ্ছে।
 
স্থানীয় চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, অধিক যাত্রী বোঝাইয়ের ফলে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। এখনো অনেকেই নিখোঁজ রয়েছে।
 
ইত্তেফাক/এএম।