অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। চলতি ২০১৬-১৭ অর্থবছরের অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ। যা গত সেপ্টেম্বরে ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ।
বৃহস্পতিবার পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদন সংবাদ সম্মেলনে তুলে ধরেন।
তিনি বলেন, সরকারের নানামুখী পদক্ষেপের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার নিচে থাকবে মূল্যস্ফীতি। তবে গত মাসে কিছু খাদ্য পণ্যের দাম সামান্য বাড়ায় মূল্যস্ফীতি সামান্য বেড়েছে।
বিবিএসের হালনাগাদ তথ্যে দেখা গেছে, খাদ্যপণ্যে সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে মূল্যস্ফীতির হার বেশি। চাল, তেল, চিনি, শাক-সবজি, লবণ, দুধ, দুধজাতীয় ও অন্যান্য খাদ্য সামগ্রীর মূল্য বাড়ার হার বেশি। এজন্য গত মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫৬ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৫ দশমিক ১০ শতাংশ।
সংস্থাটি বলছে, প্রসাধন সামগ্রী, জুতা, পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি পণ্য, আসবাবপত্র, চিকিৎসা সেবা, পরিবহন, শিক্ষা উপকরণ এবং সেবা খাতের মূল্য বেড়েছে। খাদ্যবহির্ভূত খাতে সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ১৯ শতাংশ, যা এখন ৫ দশমিক ৫৮ শতাংশ।
গ্রাম ও শহরে মূল্যস্ফীতির আলাদা হিসাবও দিয়েছে বিবিএস। এতে বলা হয়েছে, অক্টোবরে গ্রামে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৮৭ শতাংশ, আগের মাস সেপ্টেম্বরে তা ছিল ৪ দশমিক ৬৩ শতাংশ। গত মাসে শহরাঞ্চলের মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৮৭শতাংশ। এর আগের মাসে তা ছিল ৭ দশমিক ২১ শতাংশ।
উল্লেখ্য, ২০১৩ সালের জুলাই থেকে নতুন ভিত্তিবছর ধরে ( ২০০৫-০৬) ভোক্তা মূল্য সূচক (সিপিআই) হিসাব করছে বিবিএস।এর আগে ১৯৯৫-৯৬ ভিত্তিবছর ধরে হিসাব করা হতো।
ইত্তেফাক/এমআর/ইউবি