শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশে এখন প্রায় ১৬ কোটি মানুষ। কর্মোপযোগী প্রতিটি মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মবীরে পরিণত করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার সিলেটের বিয়ানীবাজারে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দিন দিন এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।
তিনি আরো বলেন, একটি মহল বাংলাদেশের অগ্রযাত্রাকে বারবার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা জঙ্গিবাদ, সন্ত্রাস ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে তাদের সে প্রচেষ্টা সফল হবে না।এদেশের সাধারণ মানুষ জঙ্গিদের কবর রচনা করেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাশীর উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ময়নুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ ও সামসুদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মাখন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল কাদির, চারখাই ইউপি চেয়ারম্যান মাহমদ আলী প্রমুখ।
বাসস
ইত্তেফাক/এমআর/ইউবি