বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, '১৯৭২ সালে সংবিধান রচনা করার সময় আদিবাসীদের সাংবিধানিকভাবে স্বীকৃতি দানের একটা সুযোগ ছিলো। পরবর্তীতে সেই ভুল সংশোধন করার সুযোগ এলেও আমরা তা করতে পারিনি।'
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসী শব্দটিকে বিকৃত করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী' বলে আখ্যায়িত করা হয়েছে। যার কারণে শান্তি চুক্তি সম্পাদনের পরও পাহাড়ি জনপদ সুস্থির হয়নি, অস্থির রয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, 'আমাদের মুক্তিযুদ্ধ শুধু পাকিস্তানি শাষকচক্রের শোষণ নির্যাতন আর নিষ্পেষণের বিরুদ্ধে ছিল না। এটা ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সারাদেশের মানুষের সুখে শান্তিতে বেঁচে থাকার সংগ্রাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য সেই স্বপ্ন আর বাস্তবায়িত হয়নি। যারা পার্বত্য চট্টগ্রামকে নিয়ে দুশ্চিন্তামগ্ন এবং ভাবেন তাদের বলতে চাই, পার্বত্য চট্টগ্রাম সমস্যা রাজনৈতিক, তাই সেখানকার সমস্যাকে রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে।'
তিনি বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে পার্বত্য জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা বিপ্লবী মানবেন্দ্র নারায়ন লারমার ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'বিপ্লবী লারমা: তুমি চির দীপ্যমান প্রজন্ম থেকে প্রজন্মে' শীর্ষক আলোচনাসভায় বক্তৃতাকালে এ কথা বলেন।
কবি মুহাম্মদ সাসাদের সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মাকসুদ, প্রফেসর সাদেকা হালিম, জেএসএস'র শক্তিপদ ত্রিপুরা প্রমুখ।
ইত্তেফাক/এসএস