রেকর্ডের খাতায় আরাফাত সানি

 
অ্যাকশন শোধরানোর পরও তাকে নিয়ে সংশয় ছিল। খোদ জাতীয় দলের কোচ চান্দিকা হাতুরুসিংহে বলেছিলেন, এত দ্রুত এতখানি অ্যাকশন বদলানোর ফলে তার ওপর আস্থা রাখা কঠিন। নিজেকে প্রমাণ করে তবে ফিরতে হবে সানিকে।
 
গতকাল সেই আরাফাত সানি বোঝালেন, বোলিং অ্যাকশন শুধরে আরও ক্ষুরধার হয়ে উঠেছেন। গতকাল খুলনা টাইটান্সের বিপক্ষে ২.৪ ওভার বোলিং করে কোনো রান না দিয়েই নিয়েছেন ৩ উইকেট।
 
টি-টোয়েন্টি ক্রিকেটে শূন্য রানের বিনিময়ে উইকেট নেওয়ার ক্ষেত্রে এটি দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড। এর আগে কোনো রান না দিয়ে তিন উইকেট নেওয়ার আগের কীর্তি আছে ডিনুকা হিট্টারাচ্চির। ২০০৭ সালে কলম্বোতে চিলাওয়ের হয়ে বুর্গহারের বিপক্ষে মাত্র ৫ বল করে ৩ উইকেট নিয়েছিলেন এই লঙ্কান বাঁহাতি স্পিনার।
 
এবার আরাফাত সানি রান ও উইকেটের দিক থেকে স্পর্শ করে ফেললেন হিট্টারাচ্চিকে। তিনি ২.৪ ওভার বল করলেন। মানে ১৬টি বল করলেন কাল খুলনা টাইটান্সের বিপক্ষে। এই ১৬ বলে খরচ করলেন না একটি রানও। উল্টো এই ভয়ানক স্পেলে তুলে নিলেন আরিফুল হক, জুনায়েদ খান ও মোহাম্মদ আজগরের উইকেট।