‘রংপুর নগরীকে উন্নত করতে মাস্টার প্ল্যান’

রংপুর সিটি কর্পোরেশনের (আরপিসিসি) মেয়র সরফুদিন আহমেদ ঝন্টু নগরীকে যানজট মুক্ত করার লক্ষ্যে আধুনিক ও পরিবেশ-বান্ধব সড়ক যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেছেন। 
 
তিনি বলেন, সর্বোত্তম গুণগতমানের সড়ক, সেতু, কালভার্ট, নর্দমা ও পয়ঃনিষ্কাশন পদ্ধতি, পানি সরবরাহ লাইন ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন নিশ্চিতে দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান গ্রহণ করা হয়েছে। 
 
নগরীর ৭নং ওয়ার্ডে ছয় কিলোমিটার দীর্ঘ চৌরাহাট-ময়নাকুঠি সড়কের কার্পেটিং কাজ উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন।
 
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) আর্থিক সহযোগিতায় সিটি গভর্নেন্স প্রজেক্টের (সিজিপি) আওতায় ৪ কোটি টাকা ব্যয়ে সিটি কর্পোরেশন এই কার্পেটিং কাজ বাস্তবায়ন করছে।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর আনোয়ারুল ইসলাম। মেয়র তার বক্তব্যে রংপুর নগরীকে একটি পরিচ্ছন্ন ও যানজট মুক্ত নগরী হিসেবে গড়ে তোলার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান। -বাসস।
 
 
ইত্তেফাক/এমআই