জাতীয় বেতন স্কেল দাবি স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের

জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দাবি আদায় আগামী ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেবে সংগঠনটি। 
 
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়।
 
সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোখলেছুর রহমান বলেন, দেশে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার (পঞ্চম শ্রেণি পর্যন্ত) সংখ্যা ৬ হাজার ৯৯৮ টি। শিক্ষক আছেন ৩৪ হাজার। এর মধ্যে মাত্র ছয় হাজার শিক্ষক মাসিক বেতন মাত্র এক হাজার টাকা বেতন পান। অন্যরা মোটেও পাননা।
 
সম্মেলনে সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী বলেন, ১৯৯৪ সালের একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ৫০০ টাকা করে ভাতা পেতেন। পরে ধাপে ধাপে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো হয় এবং ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক স্কুলের জাতীয়করণ হয়। কিন্তু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বর্তমানে উচ্চ মূল্যের বাজারে মানবেতর জীবন যাপন করছেন।
 
এর আগে একই দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করেছে মাদ্রাসার শিক্ষকরা।
 
ইত্তেফাক/ইউবি