আমরা বিপদের মধ্যে আছি : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে আমরা বিপদের মধ্যে আছি। শুধু আমরা নই, গোটা জাতি বিপদের মধ্যে আছি। দেশকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে হবে।
 
শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় এ সব কথা বলেন বিএনপির মহাসচিব। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
 
তিনি বলেন, মানুষকে ভয় পায় বলেই নেতাদের আগে পিছে একশ করে পুলিশ থাকে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে।
 
মির্জা ফখরুল বলেন,‘বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা গত ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছিলাম। কিন্তু, সরকার দেয়নি। ১৩ নভেম্বর ফের সোহরাওয়ার্দীতে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু, তারা এ কর্মসূচি করতে দেবে না। কারণ, তারা মানুষকে ভয় পায়।
 
বিএনপির মহাসচিব আরো বলেন, ৭ নভেম্বর বিএনপি বা কোনো ব্যক্তি-গোষ্ঠির অনুষ্ঠান নয়, এটি সমগ্র জাতির জন্য গুরুত্বপূর্ণ দিন। কারণ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা এদিন রক্ষা করা হয়েছিল। ৭ নভেম্বর জিয়াউর রহমান একটি দর্শন দিয়েছিলেন।
 
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
 
মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের সঞ্চালনায় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ মহিলা দলের বিভিন্ন স্তরের নেতারা আলোচনায় অংশ নেন।
 
ইত্তেফাক/এমএইচ