জাপানের একটি রেস্তোরাঁয় এক নারীর শরীরে আগুন ধরিয়ে দেন তার প্রেমিক। তাদের সন্তান নিয়ে দু’জনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে এ ঘটনা ঘটে। শনিবার স্থানীয় গণমাধ্যমে একথা জানানো হয়েছে।
পুলিশের বরাত দিতে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার টোকিওর উত্তরে ইবারাকি এলাকায় এই ঘটনা ঘটে। ৫২ বছর বয়সী ওই ইরানি ব্যক্তি তার ৩৬ বছর বয়সী ফিলিপিনো প্রেমিকার দেহে আগুন ধরিয়ে দেন। তবে তার আগে প্রেমিকার শরীরে মদ ঢেলে দেন। এ সময় রেস্তোরাঁর কর্মীরা অ্যাম্বুলেন্সকে খবর দেন।
জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে জানায়, আগুনে দু’জনই পুড়ে যান। তাদের দুজনকেই হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সংজ্ঞাহীন রয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়, ঘটনার সময় রেস্তোরাঁয় বেশ কয়েকজন খদ্দের ছিলেন। তবে এই ঘটনায় আর কেউ আহত হয়নি।
পুলিশ এই ঘটনায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেছে। সংবাদ সংস্থা কিয়োদো জানায়, ওই প্রেমিক যুগলের বাচ্চাকে নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়ার পর পুলিশ তাদেরকে পরস্পর থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিল। বাসস ও টোকিও রিপোর্ট।
ইত্তেফাক/আরএ