বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক এবং বাংলা চলচ্চিত্র ও টিভি নাটকের নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন আগামীকাল (রবিবার)।
এ উপলক্ষে আজ (শনিবার) ১২ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে হুমায়ূন আহমেদের বাসায় তার পরিবারের সদস্যরা কেক কেটে জন্মদিন উদযাপন করবেন।
এছাড়া নূহাশপল্লীতে বিশেষ অনুষ্ঠানমালা এবং দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। কোথাও কোথাও হবে মাসব্যাপী অনুষ্ঠানও।
এ উপলক্ষে আগামীকাল সকাল ৬টায় কার্জন হল থেকে হিমু/রূপার একটি দল পায়ে হেঁটে নূহাশপল্লী উদ্দেশ্যে যাত্রা করবে। যাত্রা পথে তারা বিতরণ করবে ক্যান্সার সচেতনতামূলক লিফলেট। গাজীপুর 'টিম হিমু পরিবহণ' সকালে নূহাশ পল্লীতে পুষ্পস্তবক অর্পণ করবে।
আগামীকাল চ্যানেল আই চেতনা চত্বরে অনুষ্ঠিত হবে '৫ম হিমু মেলা'। এবারের মেলার নামকরণ করা হয়েছে 'ডিউ-চ্যানেল আই হিমু মেলা '১৬। কাল দুপুর আড়াইটায় হিমুপ্রেমিদের একটি দল হলুদ পাঞ্জাবী গায়ে চ্যানেল আই প্রাঙ্গণের এ মেলায় উপস্থিত হবে।
এ সময় মেলার উদ্বোধনী পর্বে অংশ নেবেন হুমায়ূন আহমেদের পরিবারের সদস্য মেহের আফরোজ শাওন ও দুই ছেলে এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা।
হুমায়ূন আহমেদ স্মরণে সারাদেশেই হিমু পরিবহণের সদস্যরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। দেশের প্রায় ৫০টি জেলায় হিমু পরিবহণের সদস্যরা মাসব্যাপী নানা কর্মসূচী পালন করবে। দেশব্যাপী হিমু পরিবহণের শাখাগুলোতে দোয়া মাহফিল, এতিমদের খাবার বিতরণ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হুমায়ূন আহমেদ এর নাটক ও সিনেমার প্রদর্শনী, আলোচনা সভা, সেমিনার করবে। -বাসস।
ইত্তেফাক/এসএস