সঠিক নিয়মে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারে পরিচ্ছন্ন ও নির্মল পরিবেশ

সঠিক নিয়মে বর্জ্য ব্যবস্থাপনায় জনস্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব অনেকাংশে কমিয়ে আনা যাবে। স্কুল পর্যায়ের পরিবেশ ক্লাবের তৈরি করা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেরা প্রকল্প প্রস্তাবের স্বীকৃতি স্মারক প্রদান অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। 
 
ছাত্র-ছাত্রীদের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং স্কুলের অভ্যন্তরে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার লক্ষ্যকে সামনে রেখে উরি ব্যাংকের সিএসআর তহবিলের আওতায় কোরিয়া গ্রিন ফাউন্ডেশন, এমআরডিআই-এর সাথে “উরি ইকো লিডারশিপ স্কুল প্রজেক্ট ইন ঢাকা” নামে একটি প্রকল্প চুক্তি স্বাক্ষর করে। জাগো ফাউন্ডেশন এ প্রকল্পের সহযোগী অংশীদার। 
 
এ প্রকল্পের আওতায় ঢাকার ৩০টি (বাংলা ও ইংরেজি মাধ্যম) স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। পাশাপাশি স্কুলগুলোতে গাছের চারা রোপণ এবং বর্জ্য রাখার বিন সরবরাহ করা হয়। এছাড়াও প্রতিটি স্কুলে একটি করে পরিবেশ ক্লাব গঠন করা হয়, যারা স্কুলের অভ্যন্তরের সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টির চর্চা অব্যাহত রাখবে এবং বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব স্কুলের অন্যান্য ছাত্র-ছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেবে।
 
সঠিক নিয়ম অনুসরণের মাধ্যমে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করে পরিবেশ ক্লাবগুলো তাদের নিজেদের চিন্তা ও সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে একটি করে প্রকল্প প্রস্তাবনা জমা দেয়।  সেরা তিনটি প্রস্তাবনাকে সম্মাননা স্বীকৃতি প্রদান করা হয়। এ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উরি ব্যাংক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুন কিউ কিম, এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, জাগো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক করভী রাকশানদ এবং গ্রিন ওয়ার্ল্ড কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেদায়তুল ইসলাম হেলাল।
 
প্রতিযোগিতায় কেএল জুবিলী স্কুল এন্ড কলেজের পরিবেশ ক্লাবকে প্রথম, সিদ্দিক ইন্টারন্যাশনাল স্কুলের পরিবেশ ক্লাবকে দ্বিতীয় এবং সিভিল এভিয়েশন হাই স্কুলের পরিবেশ ক্লাবকে তৃতীয় হিসাবে বিজয়ী ঘোষণা করে। অনুষ্ঠানে ৩০টি স্কুলের পরিবেশ ক্লাবের সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষকগণ, জাগো ভলান্টিয়ার এবং উরি ব্যাংক, এমআরডিআই, জাগো ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দসহ প্রায় ৩০০জন উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এসএসএ