রাজধানীর বনানীতে স্বাধীনতা বিরোধী কুখ্যাত মোনায়েম খানের নামে বরাদ্দকৃত বাড়িটির জায়গায় মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষায়িত হাসপাতাল তৈরির দাবি জানিয়েছেন দেশের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ ৯টি সংগঠন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
একইসঙ্গে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী ও মৃত রাজাকার আলবদরদের মরণোত্তর বিচার দাবি করেন ও তাদের অর্জিত সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে যুদ্ধাহতসহ সকল মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর আহ্বান জানান। এসময় উত্তর সিটির মেয়র রাজধানীর অবৈধভাবে দখলকৃত হাজার হাজার একর জমি পুনরুদ্ধারে একটি আলাদা কমিশন গঠন করতে প্রধান বিচারপতির কাছে দাবি জানান।
গতকাল শনিবার বনানী ২৭ নম্বর রোডের কবরস্থান সংলগ্ন স্বাধীনতাবিরোধী মোনায়েম খানের সদ্য অবৈধ দখলমুক্ত বাড়ির সামনের রাস্তায় আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
মানববন্ধনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্র, সেক্টর কমান্ডার্স ফোরাম, বাংলাদেশ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সমিতি, প্রজন্ম ৭১, জঙ্গিবাদ ও সামপ্রদায়িকতা প্রতিরোধ মোর্চা, যুদ্ধাপরাধ গণবিচার মঞ্চ, সম্মিলিত সামাজিক আন্দোলন এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তানসহ মোট ৯টি সংগঠন অংশ নেয়।
ইত্তেফাক/এএন