বালিয়াকান্দি ও কুমারখালীতে পালিত হবে মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী

‘বিষাদ সিন্ধু’ রচয়িতা মহান কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৬৯তম জন্মবার্ষিকী আজ। ১৮৪৭ সালের ১৩ নভেম্বর নানাবাড়ি কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে সৈয়দ মীর মুয়াজ্জেম হোসেন ও মা দৌলতন নেছার ঘরে জন্মগ্রহণ করেন তিনি।

 
জন্মবার্ষিকী ঘিরে বাংলা একাডেমি, বালিয়াকান্দি উপজেলা পরিষদ ও মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের পক্ষ থেকে পৃথকভাবে তার সমাধিস্থল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুরের পদমদীতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের আমন্ত্রণপত্র সূত্রে জানা গেছে—অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক জিনাত আরা। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান অতিথি থাকবেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম এবং বিশেষ অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, মীরের জীবনী নিয়ে আলোচনা করবেন বালিয়াকান্দি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক বিনয় চক্রবর্তী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক ভবেন্দ্রনাথ বিশ্বাস।
 
দ্বিতীয় পর্বে আলোচনা সভার সভাপতিত্ব করবেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফকির আব্দুর রশিদ। প্রধান অতিথি থাকবেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক জিনাত আরা। প্রবন্ধ পাঠ করবেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এম আব্দুল আলিম। আলোচক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফকরুল আলম ও বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম। এ দিকে দিবসটি উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কুমারখালীর লাহিনীপাড়ায় মীরের বসতভিটায় আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে রয়েছে—আলোচনা, মীর মশাররফ সংগীতের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নাটক মঞ্চায়ন, রচনা প্রতিযোগিতা এবং ঐতিহ্যের গ্রামীণ মেলা। আজ সন্ধ্যা ৬টায় উত্সব উদ্বোধন করবেন কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আবদুর রউফ।
 
কুষ্টিয়া জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর বলেন, ‘সব প্রস্তুতি সম্পন্ন। প্রতিবারের মতো এবারও দুই দিনব্যাপী উত্সব উদ্্যাপন হবে।’কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘মীর মশাররফ হোসেনের বসতভিটা লাহিনীপাড়ায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।’
 

ইত্তেফাক/এএন