মেহেরপুর সদর উপজেলায় বোমার বিস্ফোরণ ঘটিয়ে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে দশ লাখ টাকার মালামাল লুট করে নেয়। ডাকাতি শেষে ৩টি বোমা ফাটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তবে পুলিশ বলেছে, ডাকাতির ঘটনা সম্পর্কে তারা জানে না বা তাদের কেউ কিছু জানায় নি।
এলাকাবাসী জানিয়েছে, শনিবার দিনগত ভোররাতে ১৪/১৫ জনের একদল ডাকাত শিমুলতলা গ্রামের একটি বাড়ি থেকে ওই গ্রামের ফকির মহাম্মদের ছোট ছেলে আব্দুস সাত্তারকে তুলে নিয়ে যায়। পরে আব্দুস সাত্তারকে জিম্মি করে বড়ভাই মালোয়েশিয়া প্রবাসী মুক্তার আলীর বাড়ির দরজা খুলে নেয়। এরপর ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুটে নেয়। এরপর প্রতিবেশি জহিরউদ্দীনের বাড়িতে প্রবেশ করে বাড়ির লোকজনদের জিম্মি করে ডাকাতদল ৪ ভরি স্বর্ণালংকার ও ৫টি দামী মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। পরে তারা জনতার প্রতিরোধের মুখে পড়লে ৩টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ডাকাতির ঘটনা তার জানা নেই। এছাড়া কেউ থানায় কোন অভিযোগ দেয়নি।
ইত্তেফাক/এমআই