সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান পিটারসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

 
দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান আলভিরো পিটারসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে দেশটির ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) পক্ষ থেকে জানানো হয়েছে- দীর্ঘ তদন্ত শেষে পিটারসেনের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ আনা হয়েছে।
 
সিএসএ’র বেশ কয়েকটি বিধি ভঙ্গের জন্য স্থানীয় দল হাইভেল্ড লায়ন্সের অধিনায়ক ৩৫ বছর বয়সী পিটারসেনকে অভিযুক্ত করা হয়েছে। '২০১৫ রাম স্ল্যাম' টুর্নামেন্ট চলাকালে ম্যাচ পাতানো অথবা অযাচিতভাবে ম্যাচে প্রভাব বিস্তার সহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।
 
গত মৌসুমে ইংলিশ কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা প্রোটিয়া এ ব্যাটসম্যানকে ইতোপূর্বে সাময়িক বরখাস্ত করা হয়েছিল এবং জবাব দিতে ১৪ দিনের সময় দেয়া হয়েছিল।
 
রাম স্ল্যাম টুর্নামেন্টে ম্যাচ পাতানোর চেষ্টা করায় এ বছরের প্রথম দিকে আরো বেশ কয়েক ক্রিকেটারকে দীর্ঘ সময়ের জন্য নিষিদ্ধ করেছে সিএসএ।
 
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার আগে ল্যাঙ্কাশায়ারে নন ওভারসিস খেলোয়াড়ের কোটায় খেলেছেন পিটারসেন। তারও আগে কাউন্টি দল গ্লামোরগান, এসেক্স এবং সমারসেটের হয়েও খেলেছেন তিনি। বাসস।
 
ইত্তেফাক/আরএ