বগুড়ার ধুনট উপজেলায় বয়স গোপন করে জেএসসি পরীক্ষায় অংশ নেওয়ায় সেলিম রেজা (২২) নামে এক পরীক্ষার্থীকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত বিষয়ে পরীক্ষায় এ ঘটনা ঘটে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইব্রাহীম এই দণ্ডদেশ দেন। সেলিম রেজা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কবিহার গ্রামের লিয়াকত আলীর ছেলে এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান শাখার সন্মান শেষ বর্ষের ছাত্র। তিনি বয়স গোপন করে ধুনট উপজেলার বৈশাখী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী চন্দন কুমার এ তথ্য নিশ্চত করে জানান, সেলিম রেজার প্রকৃত জন্ম তারিখ ১৯৯১ সালের ১ জানুয়ারি। এই বয়স গোপন করে ২০০১ সালে ২১ অক্টোবর জন্ম তারিখ দেখিয়ে জেএসসি পরীক্ষায় অংশ নেন। এদিকে, কেন্দ্রের কক্ষ পরিদর্শনকালে সেলিম রেজার বয়স দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে প্রকৃত বয়সের কথা স্বীকার করায় ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে জানতে চাইলে সেলিম রেজা বলেন, বিজ্ঞান বিভাগের লেখাপড়া করার ইচ্ছা থেকেই নতুন ভাবে নিবন্ধন করে চলতি সনের জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছি।