বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কৃষক ওহিদুল ইসলাম (৪০) ও বিপ্লব হোসেনের (২৬) বসতবাড়ি ভাংচুরের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার সকাল ১১টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের নিমগাছী গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- নিমগাছী গ্রামের জামাল উদ্দিনের ছেলে আতাউর রহমান টগর (৫০), সোলাইমান আলীর ছেলে সোহেল রানা (২৮), ছাবেদ আলীর ছেলে সাইদুর রহমান (৩০), বাছের উদ্দিনের ছেলে মোঘল মিয়া (২৬)।
স্থানীয়রা জানান, ধুনট উপজেলার নিমগাছী গ্রামের আব্দুস ছামাদের ছেলে ওহিদুল ইসলাম একজন কৃষক। বাড়ির পাশে তার পৈত্রিক সূত্রে পাওয়া ১৬ শতক জমি রয়েছে। এই জমিটি নিজের বলে দাবি করেন একই গ্রামের আলতাব আলীর ছেলে আব্দুর রশিদ।
এ বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে দির্ঘদিন ধরে দফায় দফায় বৈঠক হয়েছে। কিন্ত সমঝতা করতে ব্যর্থ হয়েছেন উভয় পক্ষ। এ অবস্থায় ৪ দিন আগে ওহিদুল বিবাদমান জায়গায় দুটি টিনসেড ঘর নির্মাণ করেন। এতে ক্ষুদ্ধ হয়ে আজ সকালে আব্দুর রশিদ ও তার লোকজন ওহিদুলের ২টি ঘর ভাংচুর করেন। একই সময় ওহিদুলের চাচাতো ভাই বিপ্লবের বসতবাড়ি ও আসবাবপত্র ভাংচুর করে প্রতিপক্ষরা।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ইত্তেফাক/এমআই