মিঠাপুকুরে বরখাস্তকৃত ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

মিঠাপুকুর উপজেলা পরিষদের বরখাস্তকৃত ভাইস চেয়ারম্যান ও জামায়াতের সহকারী আমির আব্দুল বাসেত মরজানকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
রবিবার ভোররাতে ঢাকা-রংপুর মহাসড়কে থেকে নাশকতার প্রস্তুতির অভিযোগে আরও ২ জনকে আটক করা হয়েছে। তারা হলেন- শাহ আলমপুর গ্রামের রমজান আলীর ছেলে রেজাউল ইসলাম ও জাফরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল সালাম। আব্দুল বাসেত মারজানের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ১৫টি নাশকতার মামলা রয়েছে।
 
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, মিঠাপুকুর উপজেলা পরিষদের বরখাস্তকৃত ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মারজানের বিরুদ্ধে থানায় নাশকতা ১৫টি মামলা রয়েছে। রবিবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কে নাশকতার পরিকল্পনা করছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। তারা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ৫ রাউন্ড গুলি ছুড়ে। পরে সেখান থেকে আব্দুল বাসেত মারজানসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। 
 
মিঠাপুকুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিনুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল-হাজতে গ্রেরণ করা হয়।
 
 
ইত্তেফাক/এমআই