দেশে ফেরত পাঠানো হলো ব্রাভোকে

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে বিতন্ডায় জড়িয়ে জিম্বাবুয়ে সিরিজে আর খেলা হলো না ড্যারেন ব্রাভোর। জিম্বাবুয়েতে শুরু হওয়া আসন্ন ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়েছেন ২৭ বছর বয়সী ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) এক বিবৃতিতে এই বিষয় নিশ্চিত করা হয়েছে।
 
এক টুইটার বার্তার ত্রিনিদাদের এই ব্যাটসম্যান বোর্ড সভাপতি ডেভ ক্যামেরুনের সমালোচনা করে বলেন খেলোয়াড়দের সাথে নতুন চুক্তি তারা ঠিকমত করতে পারেনি, এ কারনেই সভাপতিসহ সকলের পদত্যাগ করা উচিৎ।
 
এ ব্যপারে বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন অশালীন ও অযাচিত বক্তব্যের জন্য ব্র্যাভোকে দল থেকে বাদ দেয়া হয়েছে এবং তার পরিবর্তে দলে নেয়া হয়েছে জেসন মোহাম্মদকে। ৩০ বছর বয়সী অল-রাউন্ডার মোহাম্মদ সম্প্রতী ওয়েস্ট ইন্ডিজ-এ দলের নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে শ্রীলংকায় স্বাগতিক এ’ দলের বিপক্ষে ক্যারিবীয়রা ৩-০ ব্যবধানে সিরিজ জয় করে। তিন ম্যাচে অধিনায়াকের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ১০৫*, ৫৮ ও ১৪ রান। 
 
ব্যক্তিগত কারণে অফ-স্পিনার সুনীল নারাইন নাম প্রত্যাহার করে নেয়ায় দলে নেয়া হয়েছে লেগ-স্পিনার দেবেন্দ্র বিশুকে। পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক সিরিজে বিশু তিন ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট। ৩১ বছর বয়সী এই বোলার ১৩টি ওয়ানডেতে ২৩.৮ গড়ে নিয়েছেন ২০ উইকেট।
আগামী ১৪-২৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আরো অংশ নিচ্ছে শ্রীলংকা।
 
ইত্তেফাক/এমএইচ