গাজীপুরের পিরুজালী গ্রামের নুহাশ পল্লীতে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন উদযাপিত হয়েছে।
রবিবার সকালে হুমায়ূন আহমেদের ছেলে নিষিদ ও নিনিত এবং স্ত্রী মেহের আফরোজ শাওন আনুষ্ঠানিকভাবে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মোনাজাত শেষে নুহাশ পল্লীতে স্থাপিত হুমায়ূন ম্যুরালের সামনে আপেল তলায় কেক কাটেন তার দুই ছেলে নিষিদ ও নিনিত। এ সময় শতাধিক ভক্ত, গণমাধ্যমকর্মী ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে হুমায়ুন আহমেদের ভাই ড. জাফর ইকবাল ও আহসান হাবীবসহ পরিবারের অন্য সদস্যরা সকালে কবর জিয়ারত করেন। এ সময় ড. জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, 'হুমায়ূন আহমেদের সৃষ্টিগুলো এখন দেশের বাইরেও ভিন্ন ভাষায় প্রচার হচ্ছে। এটা ভালো যে মানুষ তাকে আরও ভালোভাবে এবং বেশি জানতে পারছে।'
হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, 'হুমায়ূন আহমেদকে প্রকৃতভাবে জানতে হলে তার একটা, দুইটা বই পড়লে হবে না। তার সব বই পড়তে হবে। কারণ তার দর্শনের সংমিশ্রণগুলো একটি বইতে পাওয়া যাবে না।'
লেখক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ক্যান্সার আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই ৬৪ বছর বয়সে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে ২৪ জুলাই গাজীপুরের হোতাপাড়া এলাকায় নুহাশ পল্লীর লিচুগাছ তলায় হুমায়ূন আহমেদকে দাফন করা হয়। -বাসস।
ইত্তেফাক/এসএস