হলি আর্টিজান মালিকের কাছে হস্তান্তর

 
গুলশানে জঙ্গি হামলার পর থেকে ঘটনাস্থল হলি আর্টিজান বেকারি পুলিশের তত্ত্বাবধানে থাকলেও রবিবার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
মাসুদুর রহমান বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী রবিবার বিকেল সোয়া চারটার দিকে রেস্টুরেন্টটি মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে।’
 
হলি আর্টিজানের মালিকদের একজন শাদাত মেহেদী সাংবাদিকদের বলেন, ‘পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে। কিন্তু হলি আর্টিজান এখানে পুনরায় চালু করা হবে না।’
 
তিনি বলেন, ‘রেস্টুরেন্টটি বাসা হিসেবে ব্যবহার করা হবে। গুলশানের অন্য জায়গায় জমি নেয়া হয়েছে। সেখানে হলি আর্টিজান নতুন করে চালু করা হবে।’
 
প্রসঙ্গত, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ২ পুলিশ কর্মকর্তা, ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা। পরে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হয়।
 
ঘটনার পর থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় ছিল হলি আর্টিজান। রেস্তোরাঁয় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। তদন্তের প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পরিদর্শনের জন্য পুলিশের অনুমতি সাপেক্ষে বিদেশি নাগরিকেরা সেখানে প্রবেশ করতে পারতেন। আলমত যেন নষ্ট না হয়, সেজন্য এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় আওতায় রাখা হয়েছিল। সর্বশেষ আদালতের নির্দেশে আজ মালিকের কাছে এটি হস্তান্তর করা হয়।
 

ইত্তেফাক/এএম।