আওয়ামী লীগের প্রতিনিধি দলের সাঁওতাল পল্লী পরিদর্শন

আওয়ামী লীগ প্রতিনিধি দল রবিবার দুপুরে সাঁওতাল পল্লী মাদারপুর পরিদর্শন করেছেন। 
 
আওয়ামী লীগের ওই প্রতিনিধি দলে ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুন্সী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী এবং কেন্দ্রীয় সদস্য রেমন্ড আরেং। 
 
এ ছাড়া আওয়ামী লীগের সংরক্ষিত নারী সংসদ সদস্য (গাইবান্ধা-জয়পুরহাট) উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস উল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ  উপস্থিত ছিলেন। 
 
মাদারপুর ক্যাথলিক চার্চ প্রাঙ্গণে আওয়ামী লীগের সমাবেশে বক্তারা ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। সাঁওতাল পল্লীতে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে তাদের সন্তানদের লেখাপড়ার সুবিধা করে দেয়াসহ ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন নেতারা। এ ছাড়া জমির বিষয়টি আইনগতভাবে দেখে সমাধান করা হবে বলে তারা উল্লেখ করেন। 
IMG0
ঘটনাস্থলে পরিদর্শনে ঢাকার বিশিষ্ট নাগরিকদের প্রতিনিধি দল : অন্যদিকে ঢাকা থেকে বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল দুপুর ২টার দিকে মাদারপুর সাঁওতাল পল্লীতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। ওই প্রতিনিধি দলে ছিলেন, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, অর্থনীতিবিদ আবুল বারাকাত, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা কাজল দেবনাথ, মানবাধিকার কর্মী খুশী কবীর, শারমিন মুরশিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য  আবদুল্লাহ আল কাফি রতন, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং  ও  জনসংহতি সমিতির দীপায়ন খীসা প্রমুখ।  
 
ইত্তেফাক/ইউবি