সংখ্যালঘুদের ওপর হামলা বরদাস্ত করা হবে না :নাসিম

সংখ্যালঘুদের ওপর হামলা কোনো ভাবেই বরদাস্ত করা হবে না উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- জ্বালাও পোড়াও আর মানুষ হত্যা করে সকল আন্দোলনে ব্যর্থ একটি মহল সাম্প্রদায়িক সন্ত্রাসে উস্কানি দিচ্ছে। কিন্তু বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনার সরকারের আমলে সাম্প্রদায়িক সমপ্রীতি কোনো ভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। এ জন্য তিনি প্রশাসন, জনপ্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। গতকাল রবিবার সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির সূচনা বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন তানভীর ইমাম এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডা. শেখ মো. মঞ্জুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সেলিনা বেগম স্বপ্না এমপি প্রমুখ।
 
তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীসহ সকল  ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে। এ অবস্থায় সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে সামপ্রদায়িক সমপ্রীতি নষ্টের পাঁয়তারা চলছে। যা বরদাস্ত করা হবে না। পরে তিনি শিয়ালকোল শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের নির্মাণাধীন স্থাপনা পরিদর্শন করেন।
 

ইত্তেফাক/এএন