চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুখছড়ি কালী মন্দির প্রাঙ্গণে আজ ১৩ নভেম্বর রবিবার থেকে তিনদিন ব্যাপী রাস মহোৎসব শুরু হয়েছে। সুখছড়ি সার্বজনীন শ্রী শ্রী রাস মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত উক্ত রাস মহোৎসব উদ্বোধন করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির প্রধান উপদেষ্টা এডভোকেট তপন কান্তি দাশ। তিনদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিন রবিবার রাতে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।
রাস মহোৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা শ্রী বাদল দত্তের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্র প্রকৌশল বিভাগের সাবেক ডীন ড. দীপক দাশ। প্রধান বক্তা ছিলেন পটিয়া পাচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ রবিশ্বররানন্দ পুরী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান। আধ্যাপক শোভন কৃঞ্চ চৌধুরীর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান শ্রী নিবাস দাশ সাগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আনোয়ার কামাল, অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী, সুখছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল হান্নান মোহাম্মদ ফারুক ও মুক্তিযোদ্ধা রফিক দিদার প্রমূখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাস মহোৎসব কে ঘিরে কালী মন্দির এলাকায় বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ও হস্ত শিল্পের মেলা বসেছে। কমিটি সূত্রে জানা গেছে, দ্বিতীয় ও তৃতীয় দিন ষোড়শ প্রহর ব্যাপী এই মহোৎসব চলবে। উল্লেখ্য, ১৯৫৭ সাল থেকে সুখছাড় গ্রামে অনাড়ম্বভাবে রাস মহোৎসব পালিত হয়ে আসছে। এ মহোৎসব প্রতিষ্ঠা করেন ব্রজেশ্বর চৌধুরী।
ইত্তেফাক/এএন