জীবন যুদ্ধে নেমেছেন সুরেলা কণ্ঠের দৃষ্টি প্রতিবন্ধী দম্পতি

সুরেলা কণ্ঠ নিয়ে জীবন যুদ্ধে নেমেছেন সাহসী দুই অন্ধ সৈনিক জিইয়াসমিন আক্তার ও সাকিল মোল্লা। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের অন্ধ জিইয়াসমিন আক্তার ও তার স্বামী অর্গান বাদক আয়েজ উদ্দিন, মাদল বাদক অন্ধ সাকিল মোল্লাকে নিয়ে হাট-বাজারে গান বাজনা করে জীবিকা নির্বাহে পথে নেমেছেন। সম্প্রতি ঘোড়াঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্বে রাস্তার ধারে একটি পরিত্যক্ত খোলা দোকানের চৌকিতে বসে সুরেলা কণ্ঠে গান গাইছিলেন জিইয়াসমিন আক্তার। সাথে স্বামী অর্গান বাজাচ্ছে এবং একই গ্রামের অপর অন্ধ সাকিল মোল্লা মাদল বাজাচ্ছে। পথচারীরা এ সুরেলা কণ্ঠের গান শুনতে একটু  হলেও থমকে দাঁড়াচ্ছে। তার সুরেলা কণ্ঠের গান শুনে কেউবা ১০ টাকা, ২০ টাকা দান করছে। অর্গান বাদক আয়েজ উদ্দিন জানায়, জীবন জীবিকার জন্য তারা ভিক্ষা না করে স্ত্রীর সুরেলা কণ্ঠ নিয়ে তারা পথে নেমেছেন। সঙ্গী হয়েছে আরেক অন্ধ সাকিল মোল্লা। সেও ভালো মাদল বাজাতে পারে। জিইয়াসমিন আক্তার তার সুমধুর কণ্ঠে মুর্শিদী, দেহতত্ত্বসহ বিভিন্ন সুরের গান গেয়ে কোনোদিন হয়তো সামান্য কিছু আয় করে। আবার কোনোদিন এক থেকে দেড় হাজার টাকা পর্যন্তও আয় হয় বলে তিনি জানান।

 
জিইয়াসমিন আক্তার অন্ধ বলে অন্যের গান শুনেই তা স্মরণে রেখে জীবিকার তাগিদে আবার সেই গান পথে-ঘাটে, হাট-বাজারে গাইতে হয়। জিইয়াসমিন আক্তার জানান, মহান সৃষ্টিকর্তা তাকে অন্ধ করেছে। কিন্তু হয়ত জীবন চলার জন্য দিয়েছেন সুরেলা কণ্ঠ। এতেই তার অনেক তৃপ্তি। অন্ধ সাকিল মোল্লা জানান, আমিতো অন্ধ। ভিক্ষা করতে ভালো লাগে না। আল্লাহ আমাকে জীবিকার জন্য একটি পথ করে দিয়েছেন, এতেই আমি খুশি।
 
ইত্তেফাক/এএন