উদ্বোধনের প্রায় দুই বছরেও শেষ হয়নি শেরপুরের ঝিনাইগাতী-গুরুচরণদুধনই রাস্তার নির্মাণ কাজ। ফলে এ পথে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, ঝিনাইগাতী সদর থেকে বাকাকুড়া বাজার হয়ে গুরুচরণদুধনই পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা এলজিইডি’র প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ ঠিকাদারী প্রতিষ্ঠান আকরাম এন্টার প্রাইজ। ২০১৫ সালের ২৫ এপ্রিল সংসদ সদস্য একেএম ফজলুল হক রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের প্রায় দুই বছরেও শেষ হয়নি রাস্তাটির নির্মাণ কাজ।
স্থানীয় ইউপি সদস্য হযরত আলীসহ ভুক্তভোগীরা জানায়, ঠিকাদারের লোকজন রাস্তার উদ্বোধনের পর পর কাজ শুরু করলেও কাজ করা হচ্ছে ধীরগতিতে। একদিন কাজ চললে পুরো মাস থাকে বন্ধ। রাস্তা খুঁড়ে বালু ফেলে রাখা হয়েছে। এতে যানবাহন চলাচলের বিড়ম্বনার পাশাপাশি পথচারীদের নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
এ ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আকরাম হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আগামী জুনের মধ্যেই নির্মাণ কাজ শেষ করা হবে। সংসদ সদস্য ফজলুল হকের সাথে কথা হলে তিনি বলেন, বর্ষার কারণে কাজ করা সম্ভব হয়নি। বিষয়টি তিনি দেখবেন বলে জানান।
ইত্তেফাক/এএন