মুরাদনগরে ৬০ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

 
কুমিল্লা মুরাদনগর উপজেলার হায়দরাবাদ গ্রামে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আবুল খায়েরকে (৬০) আটক করেছে পুলিশ।
 
আজ সোমবার ভোরে আন্দিকোট ইউনিয়নের হায়দরাবাদ গ্রামের জোড়া পুকুর পাড় এলাকা থেকে গাঁজা উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
 
আটককৃত ব্যবসায়ী আবুল খায়ের উপজেলার হায়দরাবাদ গ্রামের মৃত তবদিল হোসেনের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা যায়, বিপুল পরিমানের মাদকের একটি চালান উপজেলার হায়দরাবাদ গ্রামের আবুল খায়েরের বাড়িতে এসেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এএসআই সুজন তালুকদার, মিশন চৌধুরী ও আক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ খায়েরের বসত বাড়িতে অভিযান চালায়। বাড়িতে তল্লাশিকালে তার গোয়াল ঘর থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে। পরে খায়েরকে আটক করে থানায় নিয়ে যায়।
 
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, আটককৃত আবুল খায়ের একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে