দ্বিতীয়বারের মতো আজ ১৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে জাতীয় নৃত্য নাট্যোৎসব। সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে আয়োজিত উৎসবটি আট দিন ধরে চলবে। আয়োজন করছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। সহযোগিতায় সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি।
আয়োজনটির উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীসহ অনেকে।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের প্রথম দিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে নৃত্যনাট্য নকশী কাঁথার মাঠ। বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস পরিবেশিত এই নৃত্যনাট্যটি পরিচালনা করেছেন ফারহানা চৌধুরী।
সন্ধ্যা সাড়ে ছয়টা ও সাড়ে সাতটায় দুটি করে নৃত্যনাট্য মঞ্চস্থ হবে প্রতিদিন। ২২ নভেম্বর পর্যন্ত আয়োজিত এই উৎসবে দেখা যাবে ১৫টি নৃত্যনাট্য।
ইত্তেফাক/এমএআর