যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের চিফ অব স্টাফ এবং তার প্রধান কৌশলীর নাম ঘোষণা করেছেন। স্থানীয় সময় রবিবার এই ঘোষণা দেন তিনি।
বার্তা সংস্থা এএফপি জানায়, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হবেন রিপাবলিকান ন্যাশনাল কমিটির সভাপতি রেইন্স প্রিবাস। আর ট্রাম্পের প্রধান কৌঁসুলি ও ঊর্ধ্বতন উপদেষ্টা হবেন রক্ষণশীল দলের সমর্থক নেতা স্টিভ বেনন।
স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প তার নতুন প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য ঐ দুই কর্মকর্তার নাম ঘোষণা করেন।
রিপাবলিকান পার্টির রেইন্স প্রিবাসের সঙ্গে হাউস স্পিকার পল রায়ানের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। স্টিভ বেনন রক্ষণশীলপন্থি ব্রাইতবার্ত নিউজ নেটওয়ার্কেরও প্রধান নির্বাহী।
ট্রাম্প বলেন, স্টিভ ও রেইন্স যথেষ্ট যোগ্য নেতা। তারা দুজনে মিলে নির্বাচনী প্রচার চালিয়েছেন। আমাদের জয়ে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এখন আমি তাদের দুজনকেই হোয়াইট হাউসে রাখব। আমেরিকাকে উচ্চ মর্যাদায় নিয়ে যেতে আমরা একসঙ্গে কাজ করব।
নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প ও রিপাবলিকান দলের মধ্যে সেতুবন্ধের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন রেইন্স প্রিবাস। তিনি হাউস স্পিকার পল রায়ানেরও ঘনিষ্ঠ লোক। খবর: এএফপি।
ইত্তেফাক/এএসএস