আসছে ‌‌‘ইউসুফ জুলেখা’, প্রতিবাদ ডিরেক্টরস গিল্ডের

একদিকে বিদেশি ডাবিংকৃত সিরিয়াল বন্ধে চলছে তীব্র প্রতিবাদ-প্রতিরোধ, এরমধ্যে আবার নতুন ডাবিং সিরিয়াল হিসেবে ‌'ইউসুফ জুলেখা' প্রচারের ঘোষণা দিল বেসরকারি টিভি চ্যানেল ‘এসএ টিভি’। তবে টিভি নাট্য নির্মাতাদের সংগঠন বলছে, আসছে ৩০ নভেম্বরের মধ্যে ডাবিংকৃত সিরিয়াল বন্ধ না করা হলে এর বিরুদ্ধে আন্দোলন আরো কঠোর করা হবে। 
 
আসছে ২৭ নভেম্বর থেকে এসএ টিভিতে প্রচার শুরু হবে বাংলায় ডাবিংকৃত নতুন ধারাবাহিক ‘ইউসুফ জুলেখা’ প্রচারের উদ্দেশ্যে পোস্টারসহ প্রচার সময়সূচি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ইতিহাসনির্ভর এই দুই চরিত্র নিয়ে নির্মিত ধারাবাহিকটি বিশ্বের বিভিন্ন দেশে প্রচারিত হচ্ছে। তৎকালীন আরবের সামাজিক জীবন, ব্যবসা-বাণিজ্য, খাবারদাবার, সর্বোপরি প্রাচীন দাসপ্রথা, প্রাচীন শহর বাবেল, মিসর, সর্বোপরি মধ্যপ্রাচ্যের আদি জীবনব্যবস্থা  চিত্র তুলে ধরেই নির্মিত ইউসুফ জুলেখা। 
 
সম্প্রতি দেশীয় টিভি চ্যানেলগুলোয় বিদেশি সিরিয়াল বাংলায় ডাবিং করে প্রচারের একরকম হিড়িক পড়ে গেছে। আর তাতে আশঙ্কায় পড়ে গেছে টিভি নাটক নির্মাতা, কলাকুশলী, অভিনয় শিল্পীসহ সংশ্লিষ্টরা। 
 
শুরুটা করেছিল দীপ্ত টিভি তাদের ডাবিংকৃত সিরিয়াল ‘সুলতান সুলেমান’ দিয়ে। সেই একই অনুকরণে অন্যান্য টিভি চ্যানেলগুলোও প্রাইম টাইমে ভিনদেশি সিরিয়াল প্রচারের উদ্যোগ নেয়। বেশ কিছু চ্যানেল যেমন মাছরাঙা, একুশে টিভি, চ্যানেল আই, মাইটিভি বিদেশি ডাবকৃত সিরিয়াল প্রচারের ঘোষণা দেয়।
 
IMG0 
 
টিভি নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড ইতোমধ্যে এই ডাবিং সংস্কৃতি বন্ধের প্রতিবাদে মাঠে নেমেছে। ৩০ নভেম্বর শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও রয়েছে। এরমধ্যে নতুন করে এসএ টিভির ‘ইউসুফ জুলেখা’ প্রচারের ঘোষণা! 
 
ডিরেক্টরস গিল্ডের সাধারন সম্পাদক, নির্মাতা এস.এ হক অলিক বলেন, ‘শুধু মুনাফার জন্য তো বিদেশি সিরিয়াল ডাবিং করে প্রচার করা ঠিক না। দেশের এই শিল্পে অনেক মানুষ জড়িত। কেন তাদের পেশাকে ঝুকির মধ্যে ফেলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে’!
 
তিনি আরো বলেন, ‘৩০ তারিখের অবস্থান কর্মসূচির মধ্যে যদি এগুলো বন্ধ না করা হলে, কর্মসূচি আন্দোলনে রুপ নেবে। দেশীয় সংস্কৃতি-ঐহিত্যকে কেন আশঙ্কার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে বুঝছি না।’
 
একইসাথে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার অনুরোধ করেন এই চলচ্চিত্র নির্মাতা। 
 
এদিকে গতকাল ১২ নভেম্বর, টিভি সংশ্লিষ্টদের নতুন সংগঠন ‘মিডিয়া ইউনিটি’ তাদের আলোচনা সভায় আলোচ্য প্রধান বিষয় হিসেবে বিদেশি ডাবিং সিরিয়াল অনতিবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে। 
 
ইত্তেফাক/এমএআর