কলেজ জাতীয়করণের তালিকা থেকে বাতিলের প্রতিবাদে সুজানগর অচল

পাবনার সুজানগর উপজেলা সদরে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী নিজাম উদ্দিন আজগর আলী (এনএ কলেজ) ডিগ্রি কলেজ জাতীয়করণের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল করেছে। তালিকাভুক্ত হওয়ার ৫ মাসের মাথায় মিথ্যা অভিযোগ তুলে কলেজটি জাতীয়করণের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে কার্যত সুজানগর অচল হয়ে পড়ে। 
 
গত দুই দিন ধরে কলেজটি জাতীয়করণের তালিকায় বহাল রাখার দাবিতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পর আজ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধের ডাক দেওয়া হয়। এনএ কলেজ জাতীয়করণ রক্ষা কমিটির ডাকা এই অবরোধকালে পাবনা-সুজানগর প্রধান সড়কসহ উপজেলার সকল সড়কে কাঠের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এসময় উপজেলার সকল অফিস-আদালত, ব্যাংক-বীমা, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 
 
অবরোধকারীরা এক পর্যায়ে উপজেলা প্রশাসনের সকল অফিস আদালতে তালা লাগিয়ে দেয়। এসময় উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য দফতর ও বিভাগের অফিসারদের অফিসের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 
 
অবরোধ চলাকালে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয় পথচারীরা। তারা যানবাহন না পেয়ে পরিবার নিয়ে পায়ে হেঁটে দূর-দূরান্তে যান। সকাল ১১টায় উক্ত কলেজ চত্বর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ করে। IMG0
 
জাতীয়করণ রক্ষা কমিটির আহবায়ক আব্দুল মজিদ মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সুজানগর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওহাব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের রোকন, আব্দুল জলিল বিশ্বাস, আলহাজ্ব একেএম বন্দে আলী, কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলহাজ্ব আব্দুল হাই, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম আদম লিটন ও সাধারণ সম্পাদক মিলন প্রমুখ। বক্তারা মিথ্যা অভিযোগে কলেজটি জাতীয়করণের তালিকা থেকে বাদ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি কলেজটি পুনরায় জাতীয়করণের তালিকাভুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। 
 
 
ইত্তেফাক/এমআই