গাইবান্ধায় ট্রাক্টরচাপায় শিশু নিহত

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে সোমবার মাটি বোঝাই ট্রাক্টরচাপায় আশিকা খাতুন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ট্রাক্টরটি পেট্রোল ঢেলে আগুন দেয়। 
 
আশিকা খাতুন ওই গ্রামের আমিনুর ইসলামের ও স্থানীয় দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। 
 
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জানান, দুপুরে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস ছুটি হলে শিক্ষার্থীরা রাস্তার পাশ দিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় মাটি বোঝাই একটি ট্রাক্টর আশিকাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। 
 
গাইবান্ধা সদর থানার ওসি মেহেদি হাসান জানান, এঘটনায় এলাকাবাসী টাক্টরটি পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে।
 
ইত্তেফাক/ইউবি