গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তার কারাদণ্ড

বরিশাল জেলার সদর উপজেলা রায়পাশা গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক দেলোয়ার হাসানকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
 
গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে দুদকের দায়েরকৃত একটি মামলায় তাকে এ সাজা দেয়া হয়। রায়ে তাকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫ মাসের দণ্ডাদেশ দেয়া হয়েছে।
 
দেলোয়ার হাসান যশোরের সাতিয়ানি তলার জয়নাল আবেদীন দফাদারের ছেলে। আদালত সূত্র জানায়, দেলোয়ার হাসান সদর উপজেলা রায়পাশা গ্রামীন ব্যাংকের শাখা ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০১১ সালের ৭ জুলাই’র মধ্যে গ্রাহক আব্দুল আলীর এক লাখ টাকা এবং মাকসুদা বেগমের ১০ হাজার টাকা তাদের হিসাব নম্বরে জমা না দিয়ে ব্যবস্থাপক দেলোয়ার হোসেন আত্মসাৎ করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
 
এ ঘটনায় ২০১২ সালের ৩ অক্টোবর দুর্নীতি দমন কশিমনের (দুদক) বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি করেন।
 
২০১৪ সালের ১৪ অক্টোবর দেলোয়ারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়। বাসস
 
ইত্তেফাক/এমএইচ