টাঙ্গাইলের পিংনা পোড়াবাড়ি ভায়া গোপালপুর আঞ্চলিক সড়কটি সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে গতকাল সোমবার দুপুরে পৌর শহরের বাসষ্ট্যান্ড চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন পৌর মেয়র রকিবুল হক ছানা। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদার, বাস মালিক সমিতির সম্পাদক রহমাতুল কিবরিয়া বেলাল, প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, এ সড়কের পাথালিয়া গ্রামে গড়ে উঠেছে বিশ্বের সর্ব বৃহত্ ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ। এটি দেখার জন্য দেশের প্রত্যন্ত এলাকা থেকে আসা শত শত পর্যটক ভাঙাচোরা অপ্রশস্ত সড়কে বিড়ম্বনায় পড়েন। তারাকান্দি যমুনা সার কারখানার সার এ সড়ক দিয়েই উত্তরবঙ্গসহ সারাদেশে পাঠানো হয়। সড়কের পুরো অংশ দীর্ঘদিন ধরে ক্ষত-বিক্ষত। অপ্রশস্ত সড়কে দুটো বাস বা ট্রাক পরস্পর সাইড দিতে পারে না। এ ভাঙাচোরা ও অপ্রশস্ত সড়কে প্রতিদিনই দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। সড়কটি দ্রুত সংস্কার ও প্রশস্তকরণ প্রয়োজন।