সদরপুর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শত বছরের পুরনো ফাজিল মাদ্রাসাটি আড়িয়াল খাঁ নদের ভাঙনের কবলে পড়েছে। হেমন্তের মাঝামাঝি সময়ে আকস্মিক ভাঙনে ইতোমধ্যে বেশকিছু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
জানা গেছে, উপজেলার চরমানাইড় ইউনিয়নের শত বছরের চরবন্দরখোলা ফাজিল মাদ্রাসাটি ফরিদপুর জেলার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বর্তমানে মাদ্রাসাটির প্রায় সহস্রাধিক ছাত্র-ছাত্রী ও পার্শ্বের চর বন্দখোলা নাদিরা প্রাথমিক বিদ্যালয়ে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। বর্তমানে আড়িয়াল খাঁ নদ মাদ্রাসার একটি অংশ গ্রাস করেছে।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আজমখান ও ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী জানান, শুষ্ক মৌসুমে পানি উন্নয়ন বোর্ড বাঁধ নির্মাণ না করলে আগামী বর্ষার শুরুতে মাদ্রাসাটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয়রা মাদ্রাসাটির ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে। গত বর্ষা মৌসুমে মাদ্রাসাটির পার্শ্ববর্তী হাজারী হাজীরকান্দি, গিয়াসউদ্দিন ফকিরকান্দি গ্রামসহ কয়েকটি গ্রামের প্রায় দুই শতাধিক বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জনগণ বর্তমানে নদী ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে।
ইত্তেফাক/এএন