সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

 
সিরাজগঞ্জের তাড়াশে গ্যাসবাহী ট্যাংকলরি ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ১০ আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে উপজেলার খালকুলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন-ট্যাংকলরির হেলপার বগুড়া জেলার শাহজাহানপুর থানার জামালপুর গ্রামের আবু সামাদের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও বাসযাত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের আদাই গ্রামের তাজিমুল (৫০)। আহতদের মধ্যে বাসচালক জাহাঙ্গীর ও যাত্রী ফুলচানকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: রাজিবুল করিম এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাসটি মঙ্গলবার ভোর রাতে তাড়াশ উপজেলার খালকুলায় পৌঁছালে বিপরীতমুখী গ্যাসবাহী ট্যাংকলরির সাথে সংঘর্ষ হয়। এতে  ঘটনাস্থলেই দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/এএসএস