জমির নামজারি ও খাজনা প্রদান করার কাজ করে দেবার কথা বলে ৮ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে আটক হয়েছেন একজন ভূমি সহকারী কর্মকর্তা। তার নাম রতন কিশোর দাশ। তিনি ময়মনসিংহ জেলার তাড়াকান্দা উপজেলার রামপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
মঙ্গলবার দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার এর নেতৃত্বে ৬ সদস্যের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে হাতে নাতে তাকে গ্রেফতার করে।
দুদক সূত্র জানায়, মো. এনামুল হক নামের এক ব্যক্তি তার জমির নামজারির জন্য ভূমি অফিসে যান। এ সময় রতন কিশোর দাশ তাকে নামজারি মোকদ্দমা নিষ্পত্তিপূর্বক খাজনার রসিদ প্রদানের জন্য ৮ হাজার টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে খাজনার রসিদ প্রদান করা হবে না মর্মে জানিয়ে দেন। ঘুষের টাকা দেওয়ার কথা ছিল। তিনি বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করলে সকল আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করে ঘুষ গ্রহণকালে অভিযোগ সংশ্লিষ্টকে গ্রেফতারের জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়। পরে সংশ্লিষ্ট টিমটি সংশ্লিষ্ট ভূমি অফিসের আশে-পাশে ওঁত্ পেতে থাকে এবং ৮ হাজার টাকা ঘুষ গ্রহণকালে রতন কুমার দাসকে হাতে নাতে গ্রেফতার করে। দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুদুর রহমান বাদী হয়ে এ বিষয়ে তাড়াকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।
ইত্তেফাক/এএম।