ভারতের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তির প্রতি হুমকি: নওয়াজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় বাহিনী কর্তৃক তৈরি উত্তেজনা আঞ্চলিক শান্তির প্রতি হুমকি। গত মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে তিনি একথা বলেন। খবর দ্য ডনের।

 
সীমান্তের ওপার থেকে ভারতীয় বাহিনীর গোলায় সাত পাকিস্তানি সেনা নিহত হওয়ার প্রেক্ষিতে নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি নিয়ে পাকিস্তানি শীর্ষ কর্মকর্তারা এক পর্যালোচনা সভায় মিলিত হন। ওই সভায় সভাপতিত্ব করা নওয়াজ অভিযোগ করেন, ভারতীয় বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরপরাধ মানুষদের বিরুদ্ধে চালানো নিষ্ঠুরতা থেকে বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ অন্যদিকে সরানোর একটি চেষ্টা। তিনি বলেন, ‘যেকোনো যুদ্ধাবস্থার বিরুদ্ধে আমরা আমাদের দেশকে রক্ষায় সম্পূর্ণ সক্ষম হওয়ায়’ পাকিস্তান এই ধরনের কৌশলে ভয় পেতে পারে না। পাকিস্তানি প্রধানমন্ত্রী ভারতীয় বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে একটি নোটিস দেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
 
ওই সভায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ নওয়াজকে নিয়ন্ত্রণ রেখার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত করেন। সারতাজ জানিয়েছেন, ভারতীয় বাহিনীর সাম্প্রতিক হামলাগুলোতে ২৬ জন বেসামরিক পাকিস্তানি নিহত এবং ১০৭ জন আহত হয়েছেন।
 
ইত্তেফাক/এএন