এনায়েতপুরে চাঁদার দাবিতে হামলা, মামলা

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কেজির মোড়ে মোল্লা রেস্টুরেন্টের মালিক ও দুই কর্মচারীর উপর চাঁদাবাজির দাবিতে করা হামলার ঘটনায় মামলা হয়েছে।
 
মঙ্গলবার রাতে আহত ইউসুফ আলী বাদী হয়ে স্থানীয় থানায় মামলাটি করেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, এনায়েতপুর থানার খোকশাবাড়ি গ্রামের মোতালেব আলী, আলীম, তালেব ও আয়নাল হকের ছেলে মজনু বেশ কিছু দিন ধরে রেস্টুরেন্ট মালিক ইউসুফ মোল্লার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এবং তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। নভেম্বর রাত ১০টায় ওই সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রেস্টুরেন্টে এসে তার কাছে আবারো চাঁদা দাবি করে। এ সময় চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাকে কোপাতে থাকে। এ সময় কর্মচারীরা এগিয়ে আসলে দুইজনকে মারধর করে আহত করা হয়। তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে মোটরসাইকেল ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ইউসুফ আলীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এবং জব্দকৃত মোটরসাইকেলটি থানা হেফাজতে রাখা হয়।
 
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, আসামিদের ধরতে পুলিশ তৎপরতা শুরু করেছে।
 
ইত্তেফাক/এএসএমইউ