'উল্লাস প্রকাশে' নেত্রীর ছোঁড়া গুলিতে নিহত ১, আহত ৪

উল্লাস প্রকাশ করতে বিয়েবাড়ির অনুষ্ঠানে গুলি চালালেন 'অল ইন্ডিয়া হিন্দু মহাসভা'-এর ভাইস প্রেসিডেন্ট সাধ্বী দেবা ঠাকুর। এতে প্রাণ গেলো একজনের, আহত হলেন আরও চারজন। এ সময় ওই নেত্রীর সঙ্গে ছিলেন তার দেহরক্ষীসহ আরও ৬ জন, তারাও গুলি ছুঁড়েন।
 
ভারতের হরিয়ানার কারনালে এক বিয়েবাড়ির অনুষ্ঠানে উল্লাস প্রকাশ করতে ছোঁড়া গুলির একটি গিয়ে লাগে পাত্রের মামি-র গায়ে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ওই সময় আহত হয় আরও চারজন। এর মধ্যে ১১ বছরের এক কিশোরীও রয়েছে।
 
দ্য হিন্দুস্তান টাইমসের খবর, বিয়েবাড়িতে চলছিল নাচগানের অনুষ্ঠান। সেই অনুষ্ঠান দেখে আর স্থির থাকতে পারেননি সাধ্বী। রিভালবার থেকে গুলি চালাতে শুরু করেন শূন্যে। তার সঙ্গে থাকা লোকজনও বন্দুক থেকে গুলি চালাতে শুরু করে। 
 
সূত্র বলছে, ওই সময় একটি গুলি গিয়ে লাগে সুনীতা রানী নামে পাত্রের মামি-র গায়ে। আরেকটি গুলি লাগে অপর এক ব্যক্তির গায়ে, তার অবস্থাও আশঙ্কাজনক। এগারো বছরের কিশোরীটির অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। তবে আরও দুজনের গায়ে গুলি লাগলেও তাদের অবস্থা অতোটা খারাপ নয় বলে দাবি পুলিশের।
 
ঘটনার পর থেকেই সাধ্বী পলাতক। কারনালের এসপি জানিয়েছেন, কমপক্ষে ৩০ রাউন্ড গুলি চালানো হয়।
 
ইত্তেফাক/এএম